দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের (বিধিনিষেধ) নবমদিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৬৪ জনকে প্রায় পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র্যাব। সারাদেশে ২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অর্থদণ্ড প্রদান করেন।শুক্রবার রাতে র্যাবসদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লকডাউনের নবমদিনে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে সারাদেশেষ মাঠে ছিল র্যাব। বিধিনিষেধ কার্যকর করতে র্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।
তিনি আরও বলেন, শুক্রবার বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র্যাবের ১৯২টি টহল ও ১৯৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এএসপি ইমরান খান বলেন, বিধিনিষেধ অমান্য করায় সারাদেশে পরিচালিত ২২টি ভ্রাম্যমাণ আদালতে ১৬৪ জনকে ৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।এছাড়াও বিনামূল্যে প্রায় আড়াই হাজার মাস্ক ও অসহায়-দুস্থ ২৪২টি পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।
