জ্বালানি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে জনতার অধিকার পার্টি (পিআরপি) নামে একটি দল। বুধবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।এসময় বক্তারা বলেন, উন্নয়নের ফলে তেল এখন ১৩৫ টাকা, ডিম ১৪ টাকা পিস। জনগণ কী খায় এসে দেখেন। আমরা চাই না আমাদের দেশ শ্রীলঙ্কার দিকে যাক। আমরা চাই দেশ ইউরোপ-আমেরিকার মতো হোক। এখনকার যে পরিস্থিতি তার চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের।
দেশে বিদ্যুৎ সংকট আরও কঠিন হবে জানিয়ে জনতার অধিকার পার্টির নেতারা বলেন, দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে। যে বিদ্যুৎ সংকট চলছে, তাতে জনমনে নাভিশ্বাস উঠেছে। ধারণা করা হচ্ছে, এ সংকট গভীর থেকে গভীরতর হবে। চলমান বিদ্যুৎ সংকটের কারণে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।
অচিরেই দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, বিভিন্ন মহল উদ্ভূত পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বাজার দামের ঊর্ধ্বমুখিতাকে দায়ী করছে। মূলত এ পরিস্থিতির জন্য সরকারের লোকজনের দুর্নীতি-লুটপাট, ভুল নীতি ও অব্যবস্থাপনা দায়ী।বক্তারা বলেন, সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি নিশ্চিত করার স্বার্থে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও সভা-সমাবেশ যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে যে সুযোগ-সুবিধা পায়, বিরোধী রাজনৈতিক দলগুলোর তা পাওয়ার অধিকার রয়েছে।
