মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত পথে মোট ৯টি স্টেশন রয়েছে। এরমধ্যে পাঁচটি চালু হওয়ায় এখন বাকি আছে চারটি। উদ্বোধনের অপেক্ষায় থাকা এ চার স্টেশন চলতি মাসেই খুলে দেওয়া হবে। এমনটিই জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। এর চারটি স্টেশন হলো উত্তরা দক্ষিণ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন।বুধবার (০১ মার্চ) মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএলের ম্যানেজার মো. মাহফুজুর রহমান।
তিনি বলেন, আমরা সব স্টেশন ধারাবাহিকভাবে খুলে দিচ্ছি। এরই ধারাবাহিকতায় মেট্রোরেলের পাঁচ নম্বর স্টেশন মিরপুর-১০ আজ খুলে দেওয়া হলো। আগারগাঁও থেকে উত্তরা রুটে মোট ৯টি স্টেশন। এরমধ্যে উদ্বোধনের বাকি ৪টি। চলতি মাসেই এ চবার স্টেশন চালু করবো। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আমরা যে কোনো সময় উদ্বোধনের জন্য প্রস্তুত।
বুধবার থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো মিরপুর-১০ নম্বর স্টেশনটি। এদিন সকাল ৮টায় নতুন স্টেশনের গেট খুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হলো।
