চাল ও পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভেজাল প্রতিরোধে সারাদেশে ২৪টি প্রতিষ্ঠানকে ২ লাখ সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সার্বিক নির্দেশনায় ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের পরামর্শ এবং জাতীয় অধিদফতরের মহাপরিচালক প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, বাবু বাজার ও হাতিরপুল বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান ।
এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।তদারকিকালে চাল, পেঁয়াজ, আদা ও আলুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি-না তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল পণ্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তার স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ২৪টি প্রতিষ্ঠানকে ২ লাখ সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া তদারকিকালে চাল ও পেঁয়াজের মূল্য কারসাজি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সেই সঙ্গে অযথা আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার জন্য ভোক্তা সাধারণকে অনুরোধ করা হয়।
