হাঁটুতে অস্ত্রোপচারের পর এখন কেনে উইলিয়ামসনের চলছে পূনর্বাসন প্রক্রিয়া। দীর্ঘ এই প্রক্রিয়া শেষে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে। তবে সামান্যতম সম্ভাবনা দেখা যাওয়ার কারণে, তাকে নিয়েই ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নিউজিল্যান্ড ক্রিকেট দল সফর করবে বলে বলা হচ্ছে।এখনও উইলিয়ামসন পুরোপুরি ফিট নন। তবে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে উইলিয়ামসকে নিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে যাবেন তারা। ক্রিকেট নিউজিল্যান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত মার্চে আইপিএল খেলতে গিয়ে হাঁটুতে যে ইনজুরির শিকার হয়েছেন উইলিয়ামসন, সেখানে অস্ত্রোপচারের পর আশাতীত অগ্রগতি হয়েছে তার। যে কারণে, তাকে দলে অন্তর্ভূক্ত করেই আমরা আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ইংল্যান্ডে চলমান সীমিত ওভারের ক্রিকেট সিরিজে নিউজিল্যান্ডের স্কোয়াডের অংশ হয়ে সফর করছেন উইলিয়ামসন। সেখানে তিনি রয়েছেন পূনর্বাসনে।
বিশ্বকাপে দলের অংশ হিসেবে থাকলেও তিনি যে খেলতে পারবেন, সে নিশ্চয়তা নেই। উইলিয়ামসন নিজেই বলেন, ‘পুরো প্রক্রিয়াতে আমি চেষ্টা করছি একটি উন্মুক্ত মানসিকতা নিয়ে যে, যত দ্রুত সম্ভব যেন ক্রিকেটে ফিরে আসা যায়। তবে, এ জন্য নির্দিষ্ট কোনো তারিখ বা ম্যাচকে লক্ষ্য বানাচ্ছি না।’তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও এই মানসিকতার পরিবর্তন হচ্ছে না। আমি জানি, এখনও অনেক কাজ বাকি। দিনের পর দিন আমি একটু একটু করে উন্নতি করছি এবং দলের সঙ্গে ফিল্ডিং করছি।’অকল্যান্ড থেকে আগামী ১১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের বাকি ১৫ সদস্যের নাম ঘোষণা করা হবে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে, ৫ অক্টোবর আহমেদাবাদে গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে।
