Homeআন্তর্জাতিক২৫ বছরের ইতিহাসে ১ম নারী প্রধান পাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা

২৫ বছরের ইতিহাসে ১ম নারী প্রধান পাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা

২৫ বছরের ইতিহাসে এবারই প্রথম বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নেতৃত্বে আসছেন একজন নারী। ‘সংস্থাটির মহাপরিচালক বাছাইয়ের কাজ চূড়ান্ত ধাপে পৌঁছেছে; যেখানে মাত্র দুজন নারী এক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন’- বলে বৃহস্পতিবার জেনেভাভিত্তিক সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে।

চলতি বছরের শেষের দিকে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রত্যাশিত পরবর্তী মহাপরিচালক নির্বাচনের ক্ষেত্রটি নাইজেরিয়ার নোজি ওকোনজো-উইয়ালা ও দক্ষিণ কোরিয়ার ইয়ো মিং-হির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আগামী মাসের শুরুতে এই দু’জন প্রার্থীর মধ্যে থেকে একজনকে মহাপরিচালক হিসেবে বেছে নেয়া হবে।

‘তাদের মধ্যে যেকোনও একজন নির্ধারিত সময়ের এক বছর আগে গত আগস্টে সংস্থাটির মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ানো রবার্টো আজেভেদোর স্থলাভিষিক্ত হবেন।’

বিশ্বের দুই অন্যতম পরাশক্তি চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের মাঝামাঝি সময়ের দিকে রবার্টো সংস্থাটি থেকে পদত্যাগ করেন। সবার জন্য বাণিজ্য সুবিধা উন্মুক্ত করার নীতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থা। ১৬৪টি সদস্য দেশের মধ্যে বাণিজ্যিক বিবাদের সমাধান এবং আন্তর্জাতিক বাণিজ্য আইন ও বিধি-নিষেধের ব্যাপারে আলোচনা-পর্যালোচনার চেষ্টা করে সংস্থাটি।

নোজি ওকোনজো-উইয়ালা একজন অর্থনীতিবিদ এবং আফ্রিকার দেশ নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী। বিশ্ব ব্যাংকে প্রায় ২৫ বছর ধরে কর্মরত ছিলেন তিনি। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত পদোন্নতি পেয়েছিলেন তিনি। ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বোর্ডে জায়গা পান নোজি।

সমতার ভিত্তিতে করোনাভাইরাসের ভ্যাকসিন বিশ্বজুড়ে বিতরণের লক্ষ্যে গঠিত ভ্যাকসিন অ্যালায়েন্স গাভির নির্বাহী বোর্ডেও রয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় নোজি বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার চূড়ান্ত পর্বে জায়গা পেয়ে খুশি। আমার প্রার্থীতায় অব্যাহত সমর্থনের জন্য ডব্লিউটিও’র সদস্যদের ধন্যবাদ।

নাইজেরিয়ার সাবেক এই অর্থমন্ত্রী সংস্থাটির প্রধান হওয়ার দৌঁড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দক্ষিণ কোরিয়ার প্রথম নারী বাণিজ্যমন্ত্রী ইয়োর। চূড়ান্ত দুই প্রার্থীতার তালিকায় ঠাঁই পাওয়ার পর এক টুইট বার্তায় ইয়ো বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার পরবর্তী মহাপরিচালক বাছাই প্রক্রিয়ার চূড়ান্ত পর্বে পৌঁছাতে পেরে আমি সবার প্রতি গভীর কৃতজ্ঞ এবং সম্মানিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments