কক্সবাজার, ১০ মার্চ ২০২৫: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল
“দূুর্যোগের পুর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”।
উদ্বোধনী অনুষ্ঠানটি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ৯:০০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ সালাহউদ্দিন , যিনি দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। এছাড়াও, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তারা ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সম্পর্কে আলোকপাত করেন। এছাড়া, দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়। সকাল ১১:০০টায় এক মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন। তারা দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজ পরিচালনার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
এতে আরো উপস্থিত ছিলেন জনাব নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); ড. বিমল কুমার প্রামাণিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; জনাব তানহারুল ইসলাম, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স: ইউনিসেফ; ইউএনডিপি; আইএফআরসি, বিডিআরসিএস, শেড, রিক, ইপসা, সুশীলন, ব্র্যাক, সিআইএসসহ বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ। এ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ প্রস্তুতির বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো বলে সংশ্লিষ্টরা জানান।
