Homeআন্তর্জাতিকজাপানি সিংহাসনের পরবর্তী উত্তরসূরী প্রিন্স ফুমিহিতো

জাপানি সিংহাসনের পরবর্তী উত্তরসূরী প্রিন্স ফুমিহিতো

জাপানের সম্রাট নারুহিতোর ভাই প্রিন্স ফুমিহিতোকে দেশটির সিংহাসনের পরবর্তী উত্তরসূরী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। সম্প্রতি টোকিওতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সংক্রান্ত ঘোষণা আসে। নারুহিতোর চেয়ে ৬ বছরের ছোট ফুমিহিতো। গত বছর তাদের বাবার সিংহাসন ত্যাগের পরে সম্রাট হয়েছিলেন নারুহিতো।

উল্লেখ্য, সম্রাট নারুহিতোর কোনো পুত্র সন্তান নেই এবং বর্তমান নিয়মানুযায়ী তার মেয়ে সিংহাসনের উত্তরাধিকার হতে পারবেন না। যদিও দীর্ঘদিন ধরে চলে আসা এই নিয়ম পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল।

চলমান করোনাভাইরাস মহামারির জন্য এবারের উত্তরাধিকার ঘোষণা অনুষ্ঠান ‘রিক্কোশি নো রেই’ নির্ধারিত সময়ের সাত মাস পরে অনুষ্ঠিত হয়।

এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্যরা এবং ৪৬ জন অতিথি। জাপানি বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত সবার মুখে মাস্ক ছিল এবং তারা পরস্পরের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে এতে অংশ নেন।

সেখানে আনুষ্ঠানিকভাবে ফুমিহিতোকে জাপানি নাগরিকদের ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা দেন নারুহিতো।রাজপ্রথা অনুযায়ী সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারের হাতে তুলে দেয়া হয় একটি তলোয়ার।

দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এ বিষয়ে বলেন, ‘ক্রাউন প্রিন্স এবং প্রিন্সেসদের আচরণে জনগণ সন্তুষ্ট। তাই রিক্কোশি নো রেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে দেখে ভালো লাগছে।’

প্রসঙ্গত, গত বছর সিংহাসন ত্যাগ করেন এমিরেটাস সম্রাট আকিহিতো। বয়স ও ভঙ্গুর স্বাস্থ্যের কারণে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করায় তাকে সিংহাসন ত্যাগের অনুমতি দেয়া হয়।গত ২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম স্বেচ্ছায় পদত্যাগকারী জাপানি সম্রাট।

দেশটির ‘ইম্পেরিয়াল হাউস অব ল ১৯৪৭’ অনুসারে শুধুমাত্র পুরুষরাই দেশটির সিংহাসনের উত্তরাধিকারী হতে পারেন। ২০০৪ সালে জাপান সরকার এই আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু ফুমিহিতোর স্ত্রী পুত্রসন্তানের (প্রিন্স হিসাহিতো) জন্ম দিলে এ উদ্যোগ থমকে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments