বড় লোকসানে নিমজ্জিত হয়ে পড়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সার্ভিসের পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর মাধ্যমে টানা ছয় বছর কোম্পানিটির লভ্যাংশ থেকে বঞ্চিত হলেন বিনিয়োগকারীরা। অথচ একটা সময় শেয়ারহোল্ডারদের নিয়মিত ১০ শতাংশের ওপরে লভ্যাংশ দিয়েছে এই কোম্পানিটি। অবশ্য সেই লভ্যাংশ ছিল বোনাস শেয়ার নির্ভর।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের পাশাপাশি চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়েও কোম্পানিটি লোকসানের মধ্যে পড়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পরিষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৪ টাকা ৭৩ পয়সা আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ৬ টাকা ৭৬ পয়সা।
