এস এম আলম, ২৪ জানুয়ারি: পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ মোস্তফা, পাবনার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সহকারী পরিচালক পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডাঃ মোঃ রফিকুল হাসান, র্যাবের কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান, পাবলিক প্রসিকিউটর গোলাম সারোওয়ার খান জুয়েল, পাবনা বার এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু ও সেক্রেটারি সুলতান মাহমুদ খান এহিয়া সহ পাবনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির ম্যাজিস্ট্রেটবৃন্দ। আরোও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, পুলিশ সুপার পিবিআই, পুলিশ সুপার সিআইডি ও নির্বাহী প্রকৌশলীবৃন্দের প্রতিনিধি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের জেলা পর্যায়ের প্রতিনিধি, জেলা সুপার, প্রবেশন কর্মকর্তা এবং বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জগণ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সম্মেলনের শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলম। স্বাগত বক্তব্য শেষে সম্মেলনের ফোকাল পার্সন হিসেবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান ম্যাজিস্ট্রেসির বিগত ৪ বছরের মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আইনে নির্ধারিত প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং দায়বদ্ধতার বিষয়ে উপস্থাপন করেন। ফৌজদারি বিচার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি, বিচার কার্যক্রমে পুলিশি তৎপরতা আরও সুসংগঠিত করা এবং দ্রুততার সাথে ন্যায়বিচার নিশ্চিতে বিচার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় সাধনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় বিষয়ে উন্মুক্ত আলোচনায় সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলনে পাবনার পুলিশ সুপার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা ও মাদকের মামলায় পুলিশ অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিচ্ছে। বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে জেলা পুলিশ সার্বিক সহযোগিতায় সদা তৎপর। সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বিচার কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে সমন্বয়ের নিমিত্ত এই ধরণের সম্মেলনের ভূয়সী প্রশংসা করেন এবং দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে জেলা ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সম্মেলনের সমাপনি বক্তব্য প্রদান করেন সম্মেলনের সভাপতি পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন। সমাপনি বক্তব্যে তিনি আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে এবং দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হতে দিকনির্দেশনা প্রদান করেন। সকলের সহযোগিতায় পাবনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির কার্যক্রম বেগবান করার আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি সম্মেলনে উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

