Homeখেলাধুলা৮ ম্যাচ পর হারল পিএসজি

৮ ম্যাচ পর হারল পিএসজি

কুচকির ইনজুরিতে ক্লাবের হয়ে তিন ম্যাচ খেলতে পারেননি নেইমার, এমবাপে চোটে পড়েন গত মাসের শেষদিন। এছাড়া উদীয়মান তারকা ময়সে কিনও ইনজুরিতে পড়েন জাতীয় দলের হয়ে খেলার সময়। ফলে তিন খেলোয়াড়ের বিষয়ে চিন্তায় ছিল ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

শুক্রবার মোনাকোর বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন এ তিন তারকাই। জোড়া গোল করেছেন তরুণ তারকা কাইলিয়ান এমবাপে। তবু ম্যাচ জিততে পারেনি পিএসজি। দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে লিগে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোনাকো।

চলতি ফ্রেঞ্চ লিগে প্রথম দুই ম্যাচে হার দিয়ে শুরুর পর টানা ৮ ম্যাচ জিতেছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। লিগের ১১তম ম্যাচ এসে থামল তাদের ৮ ম্যাচ জয়যাত্রা। এতে অবশ্য পয়েন্ট টেবিলে সমস্যা হয়নি, ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ২০ পয়েন্ট পাওয়া মোনাকোর অবস্থান দ্বিতীয়।

মোনাকোর মাঠে খেলতে গিয়ে দুই অর্ধে দুইরকম অভিজ্ঞতা হয়েছে পিএসজির। প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য বিস্তার করেছে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে মোনাকোর কাছে যেন ঠিক পাত্তাই পায়নি তারা। প্রথমার্ধে পিএসজি দুই গোল করে নিয়ন্ত্রণ রেখেছিল নিজেদের হাতে। দ্বিতীয়ার্ধে হিসেব বদলে দেয় মোনাকো।

ম্যাচের ২৫ মিনিটের সময় প্রথম গোলটি করেন এমবাপে। মাঝমাঠে অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস থেকে বল পান তিনি। সামনে গিয়ে এক ডিফেন্ডারকে পরাস্ত করে ডানপায়ের জোরালো শটে জাল কাঁপান এ তরুণ সেনসেশন। মিনিট চারেক পর পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিলেন এমবাপে, তার দুর্বল পাসে হাতছাড়া হয় সেটি।

তবে ৩৭ মিনিটের মাথায় আর ভুল করেননি তিনি। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়াকে ডি-বক্সের মধ্যে ফাউল করেন মোনাকোর ইউসুফ ফোফানা। ফলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে এমবাপের গোলের ব্যবধান দ্বিগুণ করেই বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে ফিরে সকল হিসেব বদলে দেয় মোনাকো। সাত মিনিটের মধ্যেই প্রথম গোল শোধ করেন কেভিন ভোল্যান্ড। এর ১৩ মিনিট পর আবারও স্কোরশিটে নাম তোলেন ভোল্যান্ড। সেস্ক ফ্যাব্রেগাসের কাছ থেকে বল পেয়ে সহজেই সেটিকে গোলে পরিণত করেন জার্মান মিডফিল্ডার ভোল্যান্ড।

ম্যাচের ফল যখন ২-২ ড্রয়ের দিকে এগুচ্ছিল, তখনই ভুল করে বসেন পিএসজি ডিফেন্ডার আবদু দিয়াও। ডি-বক্সের মধ্যে ভোল্যান্ডকে ফাউল করেন তিনি। ভিএআর দেখে পেনাল্টি ও লাল কার্ডের সিদ্ধান্ত জানানো হয়। গোলের সহজ সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন ফ্যাব্রেগাস, জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক মোনাকো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments