মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে। এর মাধ্যমে টানা নবম রাতের মতো ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আজকের হামলা এমন এক সময় চালানো হচ্ছে যখন পুরো বিশ্ব ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, নতুন এই সামরিক অভিযান এরই মধ্যে শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।সেন্টকমের দাবি, হামলায় ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত সামরিক অবকাঠামো ও সক্ষমতাকে ধ্বংস করাই এ অভিযানের উদ্দেশ্য।হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ অঞ্চলে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।অন্যদিকে ইরানের ছোড়া ড্রোন হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে কুয়েত। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, আকাশসীমায় প্রবেশ করা শত্রু ড্রোনগুলোকে লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ভূপাতিত করার সময় সৃষ্টি হচ্ছে।বিবৃতিতে নাগরিকদের আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কুয়েতের এই ঘোষণা আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাকে নতুন করে উসকে দিয়েছে।
সুত্র: আল জাজিরা
