বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে ভাসছে স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর মাদ্রিদে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন লামিনে ইয়ামাল, ফেরান তোরেস,রদ্রিসহ বিশ্বকাপজয়ী ফুটবলাররা। তবে সেই অনুষ্ঠানে কয়েক সেকেন্ডের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয়। আর সেই ভিডিওর কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্পেনের রাজপরিবারের কনিষ্ঠ সদস্য ইনফান্তা (রাজকুমারী) সোফিয়া এবং তরুণ তারকা ফুটবলার লামিনে ইয়ামাল।
বিশ্বকাপজয়ী স্পেন দলকে সোমবার জারজুয়েলা প্রাসাদে স্বাগত জানান রাজা ষষ্ঠ ফেলিপে, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা- ক্রাউন প্রিন্সেস লিওনর ও ইনফান্তা সোফিয়া। আনুষ্ঠানিক প্রোটোকল অনুযায়ী একে একে প্রতিটি খেলোয়াড় রাজপরিবারের সদস্যদের সঙ্গে করমর্দন করেন।ওই সময় লামিনে ইয়ামাল সোফিয়ার সঙ্গে সংক্ষিপ্তভাবে হাত মেলান। ভিডিওতে দেখা যায়, ইয়ামাল দ্রুত সামনে এগিয়ে যাচ্ছেন, আর সোফিয়া যেন তাকে কিছু বলতে চেয়েও শেষ পর্যন্ত বলতে পারেননি। কয়েক সেকেন্ডের এই দৃশ্যই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা ছড়িয়ে পড়ে। কেউ বলেন, রাজকীয় পরিবেশে ইয়ামাল নার্ভাস ছিলেন। আবার কেউ দাবি করেন, ধর্মীয় বিশ্বাস কিংবা ব্যক্তিগত কারণে তিনি বেশি সময় কথা বলতে চাননি। তবে এসবই নেটিজেনদের অনুমান; এ বিষয়ে ইয়ামাল বা স্পেনের রাজপরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।ইনফান্তা সোফিয়ার জন্ম ২০০৭ সালের ২৯ এপ্রিল। তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়ার ছোট মেয়ে। বড় বোন ক্রাউন প্রিন্সেস লিওনরের পর স্পেনের সিংহাসনের উত্তরাধিকার তালিকায় তার অবস্থান দ্বিতীয়।
সোফিয়ার নাম রাখা হয়েছে তার দাদি, সাবেক রানি সোফিয়ার নামানুসারে। ১৯৭৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্পেনের রানি ছিলেন তিনি।রাজপরিবারের সদস্য হলেও সোফিয়া বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকেন। সরকারি অনুষ্ঠান, জাতীয় দিবস কিংবা গুরুত্বপূর্ণ রাজকীয় আয়োজনে পরিবারের সঙ্গে অংশ নিলেও ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই জনসমক্ষে আসেন।বড় বোন লিওনর যেখানে ভবিষ্যৎ রানি হিসেবে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন, সেখানে সোফিয়া ভিন্ন পথ বেছে নিয়েছেন। তিনি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এবং কূটনীতি, ভাষা ও বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছেন।রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য তাকে আধুনিক ও আন্তর্জাতিক পরিবেশে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর স্পেন দল দেশে ফিরে প্রথমে রাজপ্রাসাদে সংবর্ধনা নেয়। এরপর মাদ্রিদের রাজপথে ওপেন-টপ বাসে লাখো সমর্থকের সঙ্গে শিরোপা উদযাপন করেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।রাজপ্রাসাদের সেই সংবর্ধনাতেই লামিনে ইয়ামাল ও রাজকুমারী সোফিয়ার সংক্ষিপ্ত সাক্ষাৎ এখন সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।যদিও মাত্র কয়েক সেকেন্ডের সেই মুহূর্ত নিয়ে নানা জল্পনা চলছে, বাস্তবে এটি ছিল বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য আয়োজিত একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ। তবু ফুটবলের নতুন সুপারস্টার ইয়ামাল এবং স্পেনের তরুণ রাজকুমারীর এই সংক্ষিপ্ত মুহূর্তই বিশ্বকাপ-পরবর্তী উদযাপনের অন্যতম ভাইরাল ঘটনায় পরিণত হয়েছে।
