Homeখেলাধুলানিষেধাজ্ঞার ঝুঁকি থেকে বেঁচে গেলেন মেসি

নিষেধাজ্ঞার ঝুঁকি থেকে বেঁচে গেলেন মেসি

টানা দ্বিতীয় বছরের মতো মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে খেলছেন না লিওনেল মেসি। তবে গত বছরের মতো এবার তাকে কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এমএলএস।গত মৌসুমে অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আর্জেন্টাইন অধিনায়ককে। সে সময় ইন্টার মিয়ামির সহ-মালিক হোর্হে মাস সেই সিদ্ধান্তকে ‘অত্যন্ত কঠোর’ বলে সমালোচনা করেছিলেন এবং জানিয়েছিলেন, এতে মেসি ভীষণ হতাশ।তবে এবার ভিন্ন অবস্থান নিয়েছে এমএলএস। কারণ, ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল। বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে আগেই নতুন নীতিতে সম্মত হয়েছিল এমএলএস এবং এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।

এমএলএসের বিবৃতিতে বলা হয়, ‘২০২৬ মৌসুম শুরুর আগে এমএলএস ও এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন একমত হয়েছে যে, বিশ্বকাপ থেকে ফেরার পর প্রতিটি খেলোয়াড়ের বিশ্রাম ও অনুশীলনে ফেরার সময়সূচি সংশ্লিষ্ট ক্লাবের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে। সেই চুক্তির আলোকে লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলকে ২০২৬ এমএলএস অল-স্টার ম্যাচ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’বিশ্বকাপ ফাইনালের পর থেকে ইন্টার মিয়ামির হয়ে শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে এমএলএসের দুটি ম্যাচেই মাঠে নামেননি মেসি ও ডি পল।

এদিকে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো গত বছর ফিফার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায়, যেখানে প্রতিটি মৌসুম শেষে খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক ২১ দিনের বিশ্রামের সুপারিশ করা হয়। নতুন সিদ্ধান্তে সেই নীতিরও প্রতিফলন দেখা যাচ্ছে।মেসি ও ডি পল ছাড়াও অল-স্টার ম্যাচ থেকে অব্যাহতি পেয়েছেন এমবেকেজেলি এমবোকাজি এবং গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকা হুগো কুইপার্স। কুইপার্সকে অব্যাহতি দেওয়া হয়েছে মেক্সিকান ক্লাব মনতেরেতে তার দলবদলের কারণে।তাদের পরিবর্তে অল-স্টার দলে জায়গা পেয়েছেন ইন্টার মিয়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গিলহার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেল।আগামী বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিত হবে এমএলএস অল-স্টার ম্যাচ। লিগা এমএক্স অল-স্টার দলের বিপক্ষে অনুষ্ঠেয় এই ম্যাচে খেলতে দেখা যাবে সন হিউং-মিন, থমাস মুলার ও টিম রিমের মতো তারকাদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments