এস এম আলম, ৫ সেপ্টেম্বর: ফৌজদারি মামলায় দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিতে প্রতিবন্ধকতাসমূহ নির্ধারণ ও সেগুলো উত্তরণের উপায় প্রসঙ্গে পাবনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে এই পুলিশ -ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:০০ টায় পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু আশ্রাফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি এর ম্যাজিস্ট্রেটবৃন্দ, পাবলিক প্রসিকিউটর গোলাম সারোওয়ার খান জুয়েল, পাবনা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, পাবনা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মলয় কুমার দাস রায়। উপস্থিত ছিলেন সিভিল সার্জন পাবনা, সহকারী পরিচালক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনা ও বিভাগীয় প্রধান ফরেনসিক মেডিসিন, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালদের প্রতিনিধি। আরোও উপস্থিত ছিলেন অনলাই পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার অধিদপ্তর, প্রবেশন কর্মকর্তা ও সমাজসেবা অধিদপ্তরের জেলা পর্যায়ের প্রতিনিধিরা, কোর্ট ইন্সপেক্টর ও জেলার বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জগণ। পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মোরশেদুল আলম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার। স্বাগত বক্তব্যের পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান ও মোহাম্মদ শিহাব উদ্দিন মামলার পরিসংখ্যান ভিত্তিক মূল্যায়ন ও নিষ্পত্তি বৃদ্ধিতে সামারি ট্রায়াল, খাদ্য আদালত বেগবানকরণ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। সম্মেলনে ফৌজদারি বিচার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি, বিচার কার্যক্রমে পুলিশি তৎপরতা আরও সুসংগঠিত করা, দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে বিচার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এসব বিষয়ে বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সকল অংশীজন প্রতিষ্ঠান প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রদান করেন। সম্মেলনে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বিচার কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে এ ধরনের পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।অপরাধ ও মাদক মুক্ত সমাজ, নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পরিবেশ নিশ্চিতে সামারি ট্রায়াল বেগবানকরণে এবং দ্রুত বিচার নিশ্চিতে চিহ্নিত প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের সমন্বিতভাবে কাজ করার জন্য সভার সকলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সম্মেলনের সমাপনী বক্তব্য প্রদান করেন সভাপতি ও পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি আলোচনায় উঠে আসা বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা পালনের দিকনির্দেশনা দেন। তিনি সকলের সম্মিলিত সহযোগিতায় পাবনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সম্মেলনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।





