এস এম আলম, পাবনা ২৯ এপ্রিলঃ পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ বিপুল পরিমান যৌন উত্তেজক মালামাল জব্দ করা হয়েছে। সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান সাংবাদিকদের জানান, পৌর এলাকার ৭নং ওয়ার্ড এর ছোট শালগাড়িয়া মহল্লায় অভিযান চালিয়ে এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ আজমল শেখ(৩৫) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় একই স্থানে গোপন যৌন উত্তেজক কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বিভিন্ন কোম্পানির নামে প্রস্তুতকৃত যৌন উত্তেজক ফ্রুট সিরাপ জব্দ করা হয়। এসময় এই কারখানার মালিক মোঃ রাজ আহম্মেদ রনি(৪০)কে আটক করা হয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একই সাথে দুটি অভিযান পরিচালনা করেন জেলা ডিবি পুলিশ । সেখানে গিয়ে হাতে নাতে এলাকার শীর্ষ সন্ত্রাসী মৃত, আকু কশাই এর ছেলে হত্যাসহ একাধিক মামলার আসামী মোঃ আজমল শেখকে আটক করা হয়। এসময় তার নিকট হতে একটি বিদেশী পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এসময় একই স্থানে আরো একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ। কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মানবদেহের জন্য ক্ষতিকারক বিভিন্ন কোম্পানির নামে ছাপাকৃত ফ্রুট সিরাপ উদ্ধার করা হয়।

অবৈধ কোম্পানির মালিক মৃত, আফজাল হোসেনের ছেলে রাজ আহম্মেদ রনিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রোকনুজ্জামান, ডিবি ওসি মোঃ আব্দুল হান্নান, ডিবি পুলিশ পরিদর্শক জিন্নাত সরকার সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ ।
