আগামী ৩ ডিসেম্বর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক খামারি উৎসব ২০২২’। এতে দেশি ও বিদেশি প্রায় পাঁচ হাজারের বেশি খামারি অংশ নেবেন। এ উৎসবের আয়োজন করছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)। মুন্সিগঞ্জের একটি রিসোর্টে এ উৎসব অনুষ্ঠিত হবে।
শনিবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে অবস্থিত সাদিক অ্যাগ্রো লিমিটেডে উৎসবের ‘টিকিট উন্মোচন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংগঠনটির পক্ষে এ আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন বিডিএফএ সভাপতি মো. ইমরান হোসেন, মহাসচিব মো. শাহ্ এমরানসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা।
বিডিএফএ সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, আমরা আগের চেয়ে আরও বেশি সংঘবদ্ধ ও শক্তিশালী হওয়ার লক্ষ্যে আগামী ৩ ডিসেম্বর আন্তর্জাতিক খামারি উৎসব পালন করবো। এতে ৩০ জন বিদেশি খামারি অংশ নেবেন। দেশি ও বিদেশি খামারিরা মতবিনিময় ও আনন্দ উৎসবে মেতে উঠবেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, এ বছরই প্রথমবারের মতো বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ভেনিজুয়েলা, ভারত, ব্রাজিল, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপালসহ অন্যান্য দেশ থেকে প্রায় অর্ধ শতাধিক খামারি এ আয়োজনে অংশ নেবেন। উৎসবে অংশ নিতে খামারিদের টিকিট সংগ্রহ করতে হবে। যার শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা। বিডিএফএ প্রধান কার্যালয় ছাড়াও এই টিকিট দেশের বিভিন্ন প্রান্তে মনোনীত খামার ও স্টলে পাওয়া যাবে।
উৎসবের দিন থাকছে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা ও পানীয়। এছাড়াও থাকছে দেশি-বিদেশি খামারিদের আড্ডা, নগর বাউল জেমসের কনসার্ট, র্যাফেল ড্র ইত্যাদি। র্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি আকর্ষণীয় ডাবল কেবিন পিকআপ গাড়ি। এছাড়াও মোটরসাইকেলসহ একশটি আকর্ষণীয় পুরস্কার থাকছে।
