বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে হ্যারি কেইনের অভিষেকটা সুখকর ছিল না। জার্মান সুপার কাপে আরবি লেইপজিগের কাছে ৩-০ গোলে হেরে যেতে হয়েছিলো বায়ার্নকে। তবে, জার্মান বুন্দেসলিগার প্রথম ম্যাচে দারুণ জয় দিয়ে শুরু করেছে বায়ার্ন। যেখানে একটি গোলও করেছেন হ্যারি কেইন।শুধু একটি গোলই করেননি, অন্য একটি গোলে অ্যাসিস্টও ছিল তার। জার্মান জায়ান্টদের হয়ে দুর্দান্ত খেলেছেন ইংলিশ অধিনায়ক। সে সঙ্গে প্রথম ম্যাচে ওয়েডার ব্রেমেনকে ৪-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করলো বায়ার্ন মিউনিখ।
গত সপ্তাহেই টটেনহ্যাম হটস্পার থেকে জার্মান বুন্দেসলিগার রেকর্ড ট্রান্সফার ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার্নে যোগ দেন হ্যারি কেইন। একটাই উদ্দেশ্য ছিলো, বায়ার্নের গোল স্কোরিংয়ের সমস্যা দূর করা।প্রথম ম্যাচেই বায়ার্নে যোগ দেয়ার যৌক্তিকতা প্রমাণ করলেন হ্যারি কেইন। একটি গোল তো নিজে করলেনই, সে সঙ্গে আরও একটি গোল তৈরি করে দেন তিনি।
ম্যাচের চার মিনিট যেতে না যেতেই লেরয় সানে কে গোলের যোগান দেন কেইন। কেইন গোল করলেন ৭৪তম মিনিটে। লেরয় সানে আরও একটি গোল করেন ৯০তম মিনিটে। বায়ার্নের হয়ে ম্যাথিস টেল গোল করেন ৯০+৪ মিনিটে।ম্যাচ শেষে হ্যারি কেইন বলেন, ‘ম্যাচে দুর্দান্ত একটি সমন্বয় ছিল আমাদের মধ্যে। দারুণ একটি দল হিসেবে খেলেছি আমরা। অবশ্যই, এখানে এসেছি তো মাত্র এক সপ্তাহ হলো। তবে সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে আমি খুব উজ্জ্বীবিত হয়ে আছি।’
নিজের পারফরম্যান্স নিয়ে হ্যারি কেইন বলেন, ‘আমাকে শুরুটা এত ভালো করতে বলা হয়নি কখনো। এমনকি বলাও হয়নি যে শুরুতেই গোল করতে হবে কিংবা অ্যাসিস্ট করতে হবে। কিন্তু একটি গোল করেছি, দলকে জেতাতে আরও একটি গোলে সহযোগিতা করেছি। আমি মনে করি এর চেয়ে পারফেক্ট স্টার্ট আর হতে পারে না। আশা করি এভাবেই এগিয়ে যাবো।
