শ্বাসরুদ্ধকর এক লড়াই। যে লড়াইয়ে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল অর্ধেক ইনিংস যেতেই। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো ফিফটি আর তারপর জাতীয় দলে ‘অভিষিক্ত’ জাকের আলি অনিকের দুর্দান্ত ব্যাটিংয়ে অসাধ্য সাধনের খুব কাছে চলে এসেছিল বাংলাদেশ। হলো না।রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ বলে ৩ রানে হেরে গেলো বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো শ্রীলঙ্কা।
বাংলাদেশের সামনে ছিল ২০৭ রানের বিশাল লক্ষ্য। এমন এক লড়াই শেষ বল পর্যন্ত জিইয়ে ছিল জাকেরের কল্যাণে। শেষ ওভারে বাংলাদেশের দরকার পড়ে ১২ রান। প্রথম বলে রিশাদ হোসেনকে আউট করেন দাসুন শানাকা। পরের বলে ওয়াইড। দ্বিতীয় বলে তাসকিন আহমেদ নেন এক রান।৪ বলে দরকার ১০। স্ট্রাইকে জাকের আলি। দলকে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে ফেরানো এই ব্যাটার শেষটা আর করতে পারলেন না। লংঅফে তুলে দিলেন ক্যাচ। ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় জাকেরের ৬৮ রানের ইনিংস থামলো।
পরের বলে শরিফুল ইসলাম বাউন্ডারি হাঁকিয়ে আশা জাগিয়েছিলেন। ২ বলে দরকার ছিল একটি ছক্কা। কিন্তু শেষ দুই বলে দুই রানের বেশি নিতে পারেননি শরিফুল আর তাসকিন।বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ক্রস খেলতে চেয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন লিটন দাস (০)।সৌম্য সরকারও উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ১১ বলে ১২ করে বিনুরা ফার্নান্ডোর বলে আকাশে বল তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি।
বিপিএলের দুর্দান্ত ছন্দে থাকা তাওহিদ হৃদয় শুরু করেছিলেন প্রথম বলেই ছক্কা দিয়ে। তবে ৫ বলে ৮ করেই ফিরতে হয় তাকে। ম্যাথিউজের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গেলে ব্যাটে বল আলতো ছোঁয়া লেগে চটলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। রিভিউ নিয়েও রক্ষা হয়নি।৩০ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ মারমুখী হলেও শান্ত এগোচ্ছিলেন ধীরগতিতে।
বল হাতে নিয়েই ২৮ বলে তাদের ৩৮ রানের জুটিটি ভাঙেন মাথিসা পাথিরানা। পাথিরানার গতিতে বেশ সমস্যা হচ্ছিল শান্তর। অবশেষে তিনি ক্যাচই তুলে দেন। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে ২২ বলে আসে ২০ রান।তবে আরও একবার বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। লঙ্কান বোলিং আক্রমণের সামনে যেখানে ধুঁকেছেন তরুণ ব্যাটাররা, সেখানে ‘বুড়ো’ মাহমুদউল্লাহ ২৭ বলে ২ চার আর ৪ ছক্কায় হাঁকান হাফসেঞ্চুরি।যদিও হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি। ৩১ বলে ৫৪ করে থিকশানার শিকার হন মাহমুদউল্লাহ। জোরেই হাঁকিয়েছিলেন, বাউন্ডারিতে হয়ে যান ক্যাচ।
