এস এম আলম, ২৭ জানুয়ারি: পাবনা ও নাটোর জেলার সাংবাদিকদের অংশগ্রহণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচনী রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সনদ বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। পাবনা প্রেসক্লাবে আয়োজিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী সাংবাদিকদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকরা মাঠপর্যায়ে এই জ্ঞান কাজে লাগাবেন এটাই প্রত্যাশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল হক সরকার এবং পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ ও সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রিমন। সনদপত্র গ্রহণ করেন বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এর আগে রোববার পাবনা প্রেসক্লাবে কর্মশালার উদ্বোধন করা হয়। প্রথম দিনের প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান ও পিআইবির প্রশিক্ষক জিলহাজ্ব উদ্দিন নিপুন। তারা নির্বাচনী রিপোর্টিংয়ের নীতিমালা, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নৈতিকতা নিয়ে দিকনির্দেশনা দেন। কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনে প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক দ্য ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার বাহারাম খান। তিনি নির্বাচনী প্রতিবেদনে ভারসাম্য রক্ষা, রাজনৈতিক সংবেদনশীলতা, তথ্যসূত্রের বিশ্বাসযোগ্যতা এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই দিনব্যাপী এ কর্মশালায় পাবনা ও নাটোর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সনদ গ্রহণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এই প্রশিক্ষণ তাদের নির্বাচনকালীন দায়িত্বশীল ও মানসম্মত রিপোর্টিংয়ে বাস্তব সহায়তা করবে। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন এবং ইউনাইটেড প্রেসক্লাবের সেক্রেটারি কামাল হোসেন।

