বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর একদিন আগে ব্যক্তিগত কারণে নিজের নাম সরিয়ে নিয়েছেন ট্রাভিস হেড। অন্যদিকে আইপিএলে পাওয়া চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না মিচেল মার্শের।পাকিস্তান সফরে হ্যামস্ট্রিং চোট পাওয়া স্পিনার তানভির সঙ্ঘও খেলতে পারছেন না। তার স্থলাভিষিক্ত হয়েছে অফ স্পিনার টড মারফি। প্রথমবারের মতো সাদা বলের ক্রিকেটে ডাক পেলেন তিনি। হেড ও মার্শের জায়গায় ম্যাট শর্ট ও ওলি পিককে ধরে রাখা হয়েছে পাকিস্তানের সিরিজের দল থেকে।আইপিএলের প্লে-অফের কারণে পাকিস্তান সিরিজে খেলা হয়নি হেডের। তবে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুই সিরিজেই তার নাম ছিল। আগামী বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ততাকে মাথায় রেখে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলে এখনও তার বিকল্প ঘোষণা করা হয়নি।অস্ট্রেলিয়া দলের নির্বাচক টনি ডোডেমাইড বলেন, ‘ট্রাভিস শুরুতে দুই স্কোয়াডেই ছিল, কিন্তু পরে তাকে ব্যক্তিগত কারণে ছুটি দেওয়া হয়েছে।’আইপিলে খেলার সময় গোড়লিতে চোট পান মার্শ। পাকিস্তান সিরিজের আগমুহূর্তে ছিটকে যান তিনি। এবার খেলা হবে না বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতেও। তবে আশা করা হচ্ছে টি-টোয়েন্টিতে ফিরবেন তিনি।
হেড ও মার্শের অনুপস্থিতিতে পাকিস্তান সফরে দলের নেতৃত্ব দেওয়া জশ ইংলিসই আবার অধিনায়কের দায়িত্ব পালন করবেন। নিয়মিত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকেও এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। মার্শ সময়মতো সেরে না উঠলে ইংলিসই হতে পারেন টি-টোয়েন্টি সিরিজের অধিনায়কও।বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়া ফিরে পাচ্ছে দুই পেসার হ্যাভিয়ের ব্রাটলেট ও বেন ডোয়াশুইসকে। আইপিএল প্লে-অফে খেলার সম্ভাবনায় তারা পাকিস্তান সফরে ছিলেন না। তারা দলে ফিরছেন বিলি স্ট্যানলেক ও রিকলি মেরেডিথের জায়গায়। তবে মেরেডিথ টি-টোয়েন্টি সিরিজের জন্য দলের সঙ্গেই থাকবেন।
বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
হ্যাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু কুহনেম্যান, মারনাশ লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।
