ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল হয়েছে ১০টি। গোলবন্যা বইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। শনিবার মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছে ইংলিশরা।১০ গোলের এই ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ গোল হওয়া ম্যাচ। ১৯৮২ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে দুই দল মিলিয়ে ১০ গোল হলো। সবশেষ এমন ঘটনা ঘটেছিল, যখন হাঙ্গেরি ১০-১ ব্যবধানে এল সালভাদরকে হারিয়েছিল।বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ১২ গোলের রেকর্ডটি এখনো ১৯৫৪ সালের কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়ার ৭-৫ গোলে সুইজারল্যান্ডকে হারানোর ম্যাচের দখলে।ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচটি এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের ম্যাচগুলোর তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে উঠে এসেছে।
১৯৫৪: অস্ট্রিয়া ৭-৫ সুইজারল্যান্ড (১২ গোল)
১৯৩৮: ব্রাজিল ৬-৫ পোল্যান্ড (১১ গোল)
১৯৫৪: হাঙ্গেরি ৮-৩ পশ্চিম জার্মানি (১১ গোল)
১৯৮২: হাঙ্গেরি ১০-১ এল সালভাদর (১১ গোল)
১৯৫৮: ফ্রান্স ৭-৩ প্যারাগুয়ে (১০ গোল)
২০২৬: ইংল্যান্ড ৬-৪ ফ্রান্স (১০ গোল)
প্রথমার্ধেই ডেকলান রাইস, এজরি কনসা ও বুকায়ো সাকার জোড়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। টানা তিন গোল করে ব্যবধান কমিয়ে ৪-৩ করলে ম্যাচে ফিরে আসে তারা। তবে শেষ পর্যন্ত আর সমতা ফেরানো হয়নি। ইংল্যান্ড আরও দুই গোল করে ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে।বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ইতিহাসেও এটিই সবচেয়ে বেশি গোলের ম্যাচ। আগের রেকর্ড ছিল ১৯৫৮ সালে ফ্রান্সের ৬-৩ গোলে পশ্চিম জার্মানিকে হারানোর ম্যাচে ৯ গোল। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে তৃতীয় স্থান নিশ্চিত করলো ইংল্যান্ড। এর আগে ১৯৯০ সালে ইতালির কাছে ২-১ এবং ২০১৮ সালে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে চতুর্থ হয়েছিল তারা।
এছাড়া বিশ্বকাপে এক ম্যাচে ইংল্যান্ডের সর্বোচ্চ ৬ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছে এই ম্যাচ। এর আগে ২০১৮ সালে পানামাকে ৬-১ গোলে হারিয়েছিল ইংলিশরা।এই ম্যাচে একাধিক নেতিবাচক রেকর্ড গড়েছে ফ্রান্স। বিশ্বকাপ বা ইউরোর ইতিহাসে প্রথমবার কোনো ম্যাচের প্রথমার্ধেই ৪ গোল হজম করেছে তারা। প্রায় ৭০ বছর পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের প্রথমার্ধে চার গোল খাওয়ার ঘটনা ঘটল। সবশেষ ১৯৫৭ সালে ইংল্যান্ডের বিপক্ষেই এমন হয়েছিল। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম ৬ গোল হজম করল ফ্রান্স। এর আগে তাদের সর্বোচ্চ ছিল ১৯৫৮ সালের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৫ গোল।ফলে ১৪ বছর দায়িত্বে থাকার পর বিদায়ী ম্যাচে কোচ দিদিয়ের দেশমের শেষটা হলো হতাশার। দ্বিতীয়ার্ধে দল লড়াইয়ে ফিরলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সবচেয়ে বেশি গোল হজমের তিক্ত রেকর্ড নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ফরাসিদের।
