নাহিদ রানার পুরো সিরিজ থেকে ছিটকে যাওয়া, লিটন কুমার দাসের প্রথম টেস্টে না থাকে গতকালই জানিয়েছিল বিসিবি। আজ (রোববার) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে। সেখানে রয়েছে একাধিক চমক।দলে ফিরেছেন জাকের আলি অনিক, সৌম্য সরকার। চমক হিসেবে আছেন পেসার মুশফিক হাসান।১৩ আগস্ট ডারউইনে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাওয়া যাবে না লিটন কুমার দাসকে। লিটনের অনুপস্থিতি পূরণ করতেই জাকেরকে ডাকা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে অভিষেকের পর ৬ টেস্টে ৩০.৬৩ গড়ে করেছেন ৩৩৭ রান। চারটি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে। যদিও তিন অঙ্কের দেখা এখনো পাননি, তবে ২০২৪ সালের নভেম্বরে ক্যারিয়ারের দ্বিতীয় সিরিজেই ৯১ রানের ইনিংস খেলে সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি।
অন্যদিকে স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান। এর আগে চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তার অনুপস্থিতিতে পেস আক্রমণে নতুন সমীকরণ নিয়েই অস্ট্রেলিয়া সফর শুরু করতে হবে বাংলাদেশকে। এছাড়া ৫ বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরলেন সৌম্য সরকার। সবশেষ ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল বলের ক্রিকেট খেলেছিলেন তিনি।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান, তাসকিন আহমেদ।
