বাবার মৃত্যুর পর দ্রুতই আর্জেন্টিনা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন লিওনেল মেসি। নেমে যান ইন্টার মিয়ামির জার্সিতেও। তবে গোলের দেখা পাননি সেই ম্যাচে। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথম গোলের দেখা পান মেসি বৃহস্পতিবার ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে।গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওতে আর্জেন্টাইন কিংবদন্তি মেসির বাবা মারা যান ৬৮ বছর বয়সে।বাবার মৃত্যুর পর চলতি সপ্তাহেই আবেগঘন একটি বার্তা দেন মেসি। সেখানে নিজের দীর্ঘ ক্যারিয়ারের পেছনে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে বাবার শারীরিক অবস্থার অবনতির সময় সাম্প্রতিক ফিফা বিশ্বকাপে খেলতে গিয়ে নিজের মানসিক সংগ্রামের কথাও তুলে ধরেন।বুধবার সুবরু পার্কে ম্যাচের একপর্যায়ে বাঁ পায়ের শটে গোল করে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। গোলের পর সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন। যদিও ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।এমএলএস কাপের বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি এই ম্যাচের আগে টানা তিন ম্যাচে হেরেছিল। মেসির এই গোলটি চলতি মৌসুমে তার ১৩তম। এর ফলে গোল্ডেন বুটের দৌড়ে ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে মাত্র এক গোল পিছিয়ে আছেন তিনি। গত মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন মেসি।
