হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে ক্যাটি জাকারিয়াকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রক্ষণশীল ভাষ্যকার হিসেবে পরিচিত জাকারিয়া এর আগে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে কাজ করেছেন।এবার তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের যোগাযোগের দায়িত্ব পালন করবেন।গত শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান ক্যাটি জাকারিয়া। নতুন দায়িত্ব পেয়ে আনন্দিত বলেও জানান তিনি।জাকারিয়া লেখেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তির এ গুরুত্বপূর্ণ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান।অন্যদিকে, জাকারিয়াকে নিয়োগের ঘোষণা দিয়ে তার কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি জানান, জাকারিয়া ট্রুথ সোশ্যাল ও ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে কাজ করেছেন।

পাশাপাশি, ফক্স নিউজ ও নিউজম্যাক্সেও তাকে নিয়মিত দেখা যায়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, শুরু থেকেই জাকারিয়া তার বিশ্বস্ত ও জোরালো সমর্থক।নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের আগে ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প। তাদের মধ্যে সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও ছিলেন। সংশ্লিষ্ট এক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে লেভিটের পরামর্শ নেন ট্রাম্প।গত শুক্রবার সন্ধ্যায় ফক্স নিউজকে জাকারিয়া জানান, আগামী সোমবার থেকে তিনি নতুন দায়িত্ব শুরু করবেন। কীভাবে এ পদে এলেন, তা জানাতে গিয়ে তিনি বলেন, ট্রাম্পের পক্ষে তার জোরালো অবস্থান ও লড়াকু ভূমিকা প্রেসিডেন্টের পছন্দ হয়েছে।এদিকে, এক্সে দেওয়া আরেক পোস্টে জাকারিয়া জানান, যুক্তরাষ্ট্রের উন্নয়নে কাজ করা এবং প্রশাসনের অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরাই হবে তার প্রধান দায়িত্ব।পাশাপাশি, হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার সংবাদকর্মীদেরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, জাকারিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জাকারিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান। একই সঙ্গে, হোয়াইট হাউসের পুরো দলের জন্য শুভকামনা জানান লেভিট।গত জুন থেকে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ও ট্রুথ সোশ্যালে জ্যেষ্ঠ যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন জাকারিয়া।এর আগে, প্রায় দুই মাস হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি ট্রাম্পের নির্বাচনী প্রচারেও কাজ করেছেন জাকারিয়া। এছাড়া, রক্ষণশীল সংগঠন ফিক্স ক্যালিফোর্নিয়ার আইনবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
সুত্র: সিএনএন / The Mother


