এস এম আলম, ১৭ অক্টোবর: পাবনায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, পাবনার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, পাবনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু আশ্রাফ এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা বারের সভাপতি মাসুদ খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইয়াসমিন মনিরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম । এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্কৃতিপ্রেমী সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, ফকির লালন সাঁই ছিলেন মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের এক অনন্য সাধক। তাঁর গান ও দর্শনে মানুষের আত্মপরিচয়, মানবপ্রেম, সম্প্রীতি এবং জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার আহবান প্রতিফলিত হয়েছে। লালন সাঁইয়ের কালজয়ী সৃষ্টি ও জীবনদর্শন বাংলা লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি প্রজন্ম থেকে প্রজন্মে মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছে দিচ্ছে। তাঁর দর্শন ও সৃষ্টিকর্মের চর্চা এবং সংরক্ষণের মাধ্যমে অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা সম্ভব। আলোচনা সভা শেষে লালন সাঁইয়ের কালজয়ী গান ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে লালন সাঁইয়ের জীবনদর্শন, সংগীত ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।




