এস এম আলম, ২০ অক্টোবর: পাবনা জেলার সর্বস্তরের উলামায়ে কেরামের অংশগ্রহণে পাবনার নূরজাহান কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পাবনার সম্মানিত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ, ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভুমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিময় সমাজ গঠনে উলামায়ে কেরামকে তাঁদের অবস্থান থেকে দায়িত্বশীল ও ইতিবাচক ভুমিকা পালনের আহবান জানান। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা আবু হুরায়রা, ঢাকার পরিচালক মাওলানা মুফতি মুসা খান দা. বা., অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাঙ্গাল টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, পাবনার মুহতামিম মুফতি ইমরান খান হাফি.। কর্মশালায় পাবনা জেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন মুফতি ওয়ালিউল্লাহ।



