এস এম আলম, ২১ অক্টোবর: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বুধবার শেষ হচ্ছে হিন্দু স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে বিভিন্ন মন্দিরে দশমীর পূজা ও দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিকেলে শুরু হবে প্রতিমা বিসর্জন। এর মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করেছেন দেবী দুর্গা। আর নৌকায় চড়ে কৈলাসে ফিরে যাবেন তিনি। এর আগে গতকাল মঙ্গলবার মহানবমী উপলক্ষে পাবনার বিভিন্ন পূজামন্ডপে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরে মন্দিরে পূজা-অর্চনা, অঞ্জলি, মন্ত্রপাঠ ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, সিঁদুর খেলা ও ভক্তদের প্রার্থনায় মুখর হয়ে ওঠে পূজামন্ডপগুলো।




