এস এম আলম, ৭ নভেম্বর: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পাবনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোপালপুরে প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি হিমসাগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান, বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অভিযান চলাকালে সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। মশক নিধনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এক্ষেত্রে প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা আশপাশের কোথাও যাতে পানি জমে মশার প্রজনন না হতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে পারলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানান।




