এস এম আলম, ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে পাবনায় জেলা প্রশাসন, পাবনা ও পাবনা পৌরসভার মধ্যে একটি প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকালে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এ প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার (পাবনা সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক মো. তৌফিক ইকবাল সহ জেলা প্রশাসন, পুলিশ ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের অংশীজন। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল সমান নৈপুণ্য প্রদর্শন করে। শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্রয়ের মাধ্যমে শেষ হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।




