এস এম আলম, ১৯ নভেম্বর: দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানের উন্নয়ন এবং রেল পথ প্রসারিত করার জন্য বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম। সন্ধ্যায় পাবনা- ঢাকা ট্রেন চলাচল উদ্বোধনকালে পাবনা রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় ফিতা কেটে প্রথমবারের মতো পাবনা শহর থেকে ঢাকা ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী পাবনা উদ্বোধনী এক্সপ্রেস নামে ট্রেনটি যাত্রা শুরু করে। তবে ২০ নভেম্বর ঢাকা থেকে পাবনা গোধূলি এক্সপ্রেস এবং ২১ নভেম্বর সকাল ৮ টা থেকে পাবনা শহর থেকে ঢাকার উদ্দেশ্যে পাবনা প্রভাতী এক্সপ্রেস এবং বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনা গোধূলি এক্সপ্রেস নামে নিয়মিত যাত্রা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, পাবনাবাসীর জন্য নিশ্চিত এটা আনন্দঘন মূহুর্ত। অল্পতম সময়ে এটা নিরাপদ যাত্রা হবে। এটা সরকারের অঙ্গীকার, এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তারাও জনগণ যে আস্থা রেখেছিল তার মর্যাদা রাখলো। তিনি বলেন, আমরা অঙ্গীকার করতে চাই। বাংলাদেশের রেলের মান, তার সার্ভিস এবং তার যাত্রা আগামী আরও নিরাপদ হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্চ নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, রেলসচিব ফাহিমুল ইসলাম, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু উপস্থিত ছিলেন।




