পাকিস্তানের মহাকাশ অভিযানে যুক্ত হলো নতুন ইতিহাস। চীনের রকেটে চড়ে মহাকাশে পাড়ি জমালেন পাকিস্তানের ৪০ বছর বয়সী জিশান আলী। এর মধ্য দিয়ে দেশটির প্রথম নভোচারী হিসেবে ইতিহাস গড়লেন তিনি।বুধবার (২৫ নভেম্বর) চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।লং মার্চ-২এফ রকেটে চড়ে স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেন তিন নভোচারী।উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। চীনের মানব মহাকাশযান সংস্থা (সিএমএসএ) জানায়, মহাকাশযানটি ঠিকঠাক কাজ করছে। সংস্থাটির এক কর্মকর্তা অভিযানটিকে সফল ঘোষণা করেন।৪০ বছর বয়সী জিশান আলী পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথম নভোচারী হিসেবে কক্ষপথে পৌঁছালেন।তার সঙ্গে রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। তাং হংবো এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। উ ই দায়িত্ব পালন করছেন মিশন পাইলট হিসেবে। আর আলী কাজ করবেন পেলোড বিশেষজ্ঞ হিসেবে।

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাচ্ছে শেনঝৌ-২৪। স্টেশনটির সঙ্গে মহাকাশযানটি যুক্ত হলে আলী হবেন সেখানে যাওয়া প্রথম বিদেশি নাগরিক।মহাকাশে প্রায় এক সপ্তাহ থাকার কথা রয়েছে আলীর। এসময় তিনি চীনা নভোচারীদের সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন।পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে মাইক্রোঅ্যালগি চাষের পরীক্ষা করবেন তিনি। পাশাপাশি, মহাকাশে কুইনোয়া বীজের ওপর কী প্রভাব পড়ে, তা-ও পরীক্ষা করা হবে।অন্যদিকে, চীনের মানব মহাকাশযান সংস্থা জানিয়েছে, পুরো অভিযানে প্রায় ৯০টি পরীক্ষা চালানো হবে। এর মধ্যে রয়েছে আগের শেনঝৌ-২৩ অভিযানের নভোচারীদের সঙ্গে কক্ষপথে দায়িত্ব বদল, মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণ এবং মহাকাশ নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা।
সুত্র: ডন


