ব্রেক্সিট পরবর্তী সুসম্পর্কের লক্ষ্যে তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে যুক্তরাজ্য। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হতে পারে আগামী মঙ্গলবার।আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্য-তুরস্কের মুক্ত বাণিজ্য চুক্তিতে নতুন কিছু নেই। লন্ডন-আঙ্কারার মধ্যে বিদ্যমান বাণিজ্যিক শর্তগুলোই থাকছে নতুন চুক্তিতে।তবে গত রোববার ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, দুই দেশের মধ্যে শিগগিরই নতুন সম্পর্ক হওয়ার বিষয়ে আশাবাদী তিনি।
এক বিবৃতিতে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী বলেন, শুল্কমুক্ত বাণিজ্যের লক্ষ্যে চলতি সপ্তাহেই চুক্তি স্বাক্ষরের আশা করা হচ্ছে। এটি আমাদের বাণিজ্যিক সম্পর্ক গড়তে সাহায্য করবে। এর ফলে যুক্তরাজ্যজুড়ে প্রস্তুতকারক, গাড়ি ও ইস্পাত শিল্পে হাজার হাজার চাকরির নিশ্চয়তা তৈরি হবে।
তিনি বলেন, এখন আমরা অদূর ভবিষ্যতে যুক্তরাজ্য-তুরস্কের মধ্যে উচ্চাভিলাষী বাণিজ্য চুক্তির আশা করছি।২০১৯ সালে লন্ডন-আঙ্কারার মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল ১৮ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড (২৫ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার)।
