প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। টিম ম্যানেজম্যান্টের কাছ থেকেও পাননি কোনো আশার বাণী। জাতীয় দলে ফেরার আশায় অপেক্ষা অপেক্ষা করতে করতে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শ্রীলঙ্কার বাঁহাতি ওপেনার উপুল থারাঙ্গা।
২০০৫ সালের ২ আগস্ট ডাম্বুলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল থারাঙ্গার। যা থামল ২০২১ সালের ফেব্রুয়ারিতে। প্রায় সাড়ে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দিয়েছেন ৩৬ বছর বয়সী থারাঙ্গা।আন্তর্জাতিক ক্রিকেটে ২৯২টি ম্যাচ খেলেছেন থারাঙ্গা। রান করেছেন ৯ হাজারের বেশি। সবচেয়ে সফল ছিলেন ওয়ানডেতে। একদিনের ফরম্যাটে ২৩৫ ম্যাচে ১৫ সেঞ্চুরির সাহায্যে ৬৯৫১ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ১৭৪ রানের। এছাড়া সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে ৩১ ম্যাচে ৩ সেঞ্চুরিতে ১৭৫৪ এবং ২৬ টি-টোয়েন্টিতে করেছেন ৪০৭ রান।
