Homeখেলাধুলাবেতন বাড়ছে তামিম-সাকিবদের

বেতন বাড়ছে তামিম-সাকিবদের

বছরের প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও, এখনও ঘোষণা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা। শিগগিরই এ তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। কিন্তু বাস্তবে এর অগ্রগতি খুব কমই।

কেননা এখনও পর্যন্ত খেলোয়াড়দের কাছ থেকে যার যার পছন্দের ফরম্যাট জেনে নেয়ার বিষয়টি চূড়ান্ত করেনি বিসিবি। দুই-একদিনের মধ্যে এ চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন আকরাম। চুক্তির তালিকা প্রকাশের ব্যাপারে অগ্রগতি কম হলেও, একটি বিষয় নিশ্চিত করেছেন যে, চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতন বাড়ানো হচ্ছে।

বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন আগেই আভাস দিয়েছেন, এখন আর চুক্তিতে কাউকে আটকে রাখা হবে না। বরং চুক্তির আগেই সবার কাছ থেকে জেনে নেয়া হবে কে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেই মোতাবেকই কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণার পথে এগুচ্ছে বিসিবি। খেলোয়াড়দের কাছ থেকে এটি পাওয়ার পরই সব চূড়ান্ত করা হবে জানালেন আকরাম।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সঙ্গে বসে মোটামুটি কিছু জানার ব্যাপার ছিল তো আমরা ওটা জেনেছি। আমরা দুই একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেটা আসার সাথে সাথেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলব। বিবেচনায় ২৩-২৪ জন আছে কিন্তু চুক্তি এত জনের হবে না।’

করোনাভাইরাস মহামারির কারণে গতবছরের মার্চের পর থেকেই সীমিত হয়ে এসেছে খেলাধুলার সকল আয়োজন। বাতিল হয়েছে বেশ কিছু সিরিজ। এছাড়া মিলছে না মাঠে দর্শক প্রবেশের অনুমতিও। এসব ক্ষতি সামাল দিতে প্রায় সব দেশের ক্রিকেট বোর্ডই তাদের অধীনে থাকা সবার বেতন কমানোর পথে হেঁটেছে।

তবে এক্ষেত্রে ব্যতিক্রম ঘটাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব দেশ বেতন কমালেও, নতুন চুক্তিতে খেলোয়াড়দের বেতন ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে বলে জানালেন ক্রিকেট অপারেশনস প্রধান। খোদ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দিয়েছেন এ পরামর্শ।আকরাম বলেছেন, ‘করোনাভাইরাসের পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছিলাম (কমানোর জন্য)। তিনি বলেছেন বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য। আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি যে বেতনটা বাড়বে, তবে সেটার সময় নিতে হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments