সিলেট টেস্টের সকাল সকাল টস জিতে ব্যাটিং করতে নেমে বড় বিপদে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদ আর হাসান মাহমুদের তোপে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল ক্যারিবীয়রা।সেখান থেকে প্রতিরোধ গড়ে তুলেছেন কেভিন উইকহাম আর আমির জাঙ্গো। চতুর্থ উইকেটে তারা অবিচ্ছিন্ন আছেন ৫৯ রানে।২৬ ওভারে ৩ উইকেটে ৮৬ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকহাম ২৭ আর জাঙ্গো ৩২ রানে অপরাজিত আছেন।বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ শুরু থেকেই ক্যারিবীয়দের ঘাম ঝরিয়েছেন। একের পর এক আবেদন হয়েছে, ক্যাচও মিস হয়েছে।তবে ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে আর কোনো ফিল্ডারের সাহায্য লাগেনি। তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারিতে দুই স্টাম্প উড়ে যায় ক্যারিবীয় ওপেনার ব্রেন্ডন কিংয়ের। ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। ১৩ রানে প্রথম উইকেটের পতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের।

পরের ওভারে হাসান মাহমুদও করেন বোল্ড। এবার সুইং বুঝতে না পেরে বল ছেড়ে দিয়েছিলেন কাভেম হজ। বল সরাসরি আঘাত করে তার স্টাম্পে। রানের খাতা খুলতে পারেননি হজ। ১৪ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা।জসুয়া ডা সিলভা শুরু করেন দেখেশুনে। তবে ১২ রানে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ।


