এস এম আলম, ১৬ জুন : চাটমোহর উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে এবং অপরাধীদের অল্প সময়ে শনাক্তকরনে হাট বাজারে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করা হয়েছে। বুধবার সকালে চাটমোহর রেলবাজার পুরো এলাকায় আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা স্থাপনের পরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। পরে তিনি উপজেলার হরিপুর বাজারেও সিসি ক্যামেরার উদ্বোধন করেন। রেলবাজারে ১৬টি ও হরিপুর বাজারে ১২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল ও হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন দুইটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি আমিনুল ইসলাম, হরিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ¦ মোজাম্মেল হক রওশন, রেলবাজার বনিক সমিতির সভাপতি লিখন বিশ^াস, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন। এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনার পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে তথ্য প্রযুক্তির সুবিধার মধ্যে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পরীক্ষিত। জেলা পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে হাট ও বাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। তাতে স্বতঃস্ফূর্ত সহযোগিতাও মিলছে। জেলার প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ হাট ও বাজারগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হলে জনবহুল এসব হাট-বাজারে অপরাধ কর্মকান্ড অনেক কমে যাবে বলে তিনি মনে করেন।



