Homeআন্তর্জাতিকঅভিজাত ক্লাবে রশিদ

অভিজাত ক্লাবে রশিদ

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ আগেই খুইয়েছিল আফগানিস্তান। দলের বিবর্ণ পারফরম্যান্সের সঙ্গে রশিদ খানও যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। তবে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেই জ্বলে উঠলেন রশিদ। তাতেই আফগান এই লেগি হলেন এক অভিজাত ক্লাবের অংশীদার, যে ক্লাবে আছেন সাকলায়েন মুশতাক, ব্রেট লির মতো কিংবদন্তি বোলাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডের আগে ৭৫ ইনিংসে রশিদের ঝুলিতে ছিল ১৪৮ উইকেট। নিজের প্রথম চার ওভারে ১৮ রান দেওয়া রশিদ পঞ্চম ওভার বোলিং করতে এসেই স্বাগতিকদের দেন বড় এক ‘ধাক্কা’।ইনিংসের ২৭তম ওভারের পঞ্চম বলে আউটসাইড এজে উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের হাতে কট বিহাইন্ড করে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিমকে প্যাভিলিয়নের পথ দেখান রশিদ।

এক ওভার বিরতিতে বোলিংয়ে এসেই রশিদ করে ফেলেন রেকর্ড। ২৯তম ওভারের শেষ বলে ‘দোলাচলে’ থাকা ইয়াসির আলি ব্যাকফুটে কাট করতে গিয়ে ক্যাচ দেন স্লিপে থাকা গুলবাদিন নাইবকে। তাতেই সাকলায়েন মুশতাকের পর ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৭৬ ইনিংসে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

রশিদের চেয়ে এক ইনিংস কম খেলে (৭৫ ইনিংস) ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেট শিকার করেছিলেন পাকিস্তানি ‘দুসরা স্পেশালিস্ট’।শুধু তাই নয়, ব্যক্তিগত কোটার শেষ বলেও রশিদ নিয়েছেন আরও এক উইকেট। তাসকিন আহমেদকে লেগবিফোরের ফাঁদে ফেলে ৭৬ ইনিংস শেষে আফগান লেগস্পিনারের ওয়ানডে উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৫১ তে।

১৫০ এলিট ক্লাবে ঢোকার রেকর্ডটি রশিদ জানেন কি না তা জানা নেই। যদি কোনোরকমে রশিদের নজরে এই রেকর্ডটি আসে, তখন হয়তো আফগান লেগি আফসোস করবেন এই ভেবে, ‘ইস! প্রথম ওয়ানডেতে ফজল হক ফারুকি ৪ উইকেট না পেয়ে যদি আমি পেতাম,তাহলে আমিই ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেট শিকারী বোলার হতাম।’

ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেট শিকার

১। সাকলাইন মুশতাক (পাকিস্তান): ৭৫ ইনিংস
২। রশিদ খান (আফগানিস্তান): ৭৬ ইনিংস
৩। মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া): ৭৭ ইনিংস
৪। ব্রেট লি (অস্ট্রেলিয়া): ৮০ ইনিংস
৫। অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা)/ ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড): ৮১ ইনিংস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments