Homeআন্তর্জাতিক‘জিনিস ভালো না, কিনলে পস্তাবেন!’ তবুও সেই দোকানেই ছুটছে মানুষ

‘জিনিস ভালো না, কিনলে পস্তাবেন!’ তবুও সেই দোকানেই ছুটছে মানুষ

দোকানদাররা সাধারণত বিক্রির জন্য নিজেদের পণ্যের গুণগান গেয়ে থাকেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার সিউলের এক বিক্রেতা ঠিক তার উল্টোটা করে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে তাকে ক্রেতাদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আপনারা কি জানেন না, আমি এখানে কেবল বাজে মানের জিনিসই বিক্রি করি? আপনারা কি এখানে আপনাদের কুকুরের ঘরের জন্য স্কার্ফ কিনতে এসেছেন?’বলছি ‘নামদাইমুন স্কার্ফ ম্যান’-এর কথা।

তার বিক্রির কৌশল প্রচলিত ধারার সম্পূর্ণ বিপরীত। নিজের পণ্যের গুণগান গাওয়ার বদলে তিনি বরং ক্রেতাদের বোঝানোর চেষ্টা করেন, তাদের আদৌ কোনো স্কার্ফের প্রয়োজন নেই! তিনি ক্রেতাদের চাহিদার সমালোচনা করেন, তাদের কেনাকাটার অভ্যাস নিয়ে মজা করেন, এমনকি মাঝে মধ্যে এমনও বলেন যে, ব্যবসা ছেড়ে দেওয়াই হয়তো তার জন্য ভালো হতো।হয়তো এটি এক ধরনের ‘রিভার্স সাইকোলজি’ বা বিপরীত মনস্তাত্ত্বিক কৌশল। তবে এটি বেশ কার্যকর হয়েছে।

সিউলের বিশাল ‘নামদাইমুন মার্কেট’-এর ভেতরে অবস্থিত তার ছোট দোকানে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। তাদের বেশিরভাগই যাচ্ছেন মূলত ভাইরাল ভিডিওগুলোর পেছনের এই মানুষটিকে সরাসরি দেখার জন্য। এমনকি যেসব বিদেশি পর্যটক সেখানে যাচ্ছেন, তারা হয়তো তার কোরীয় ভাষার রসিকতাগুলো পুরোপুরি বুঝতেও পারেন না; তবুও তাদের আগ্রহের কমতি নেই।এখানে বিক্রি হওয়া স্কার্ফগুলো খুব একটা দামী বা বিলাসবহুল পণ্য নয়। ছয়টি স্কার্ফ পাওয়া যায় ১০ হাজার ওন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০০ টাকায়। তবে এখানে মূল বিষয় পণ্য কেনা নয়।নামদাইমুন সিউলের অন্যতম পরিচিত ঐতিহ্যবাহী বাজার, যেখানে শত শত দোকান ও স্টল যেন এক গোলকধাঁধার মতো ছড়িয়ে আছে। পোশাক, হাতব্যাগ, জুতো, গৃহস্থালির পণ্য থেকে শুরু করে নানা ধরনের খাবার—সবকিছুই যেন একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। এখানে বিক্রেতা ও ক্রেতারা সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে দরদাম করেন, তারপর হয় বেচাকেনা।সিউলের এই ‘স্কার্ফ ম্যান’-এর সঙ্গে ক্রেতাদের মজার সব কথোপকথনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর ফলে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে এক লাখ, আর ইউটিউবেও বাড়ছে তার দর্শকসংখ্যা।তার এই অনলাইন জনপ্রিয়তা এখন একটি নতুন অনলাইন শপে রূপ নিয়েছে, যার মাধ্যমে ক্রেতারা সিউলে না গিয়েই তার স্কার্ফগুলো কিনতে পারছেন। পণ্যের প্রথম চালানটি ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ‘স্কার্ফ ম্যান’ নিজেই গ্রাহকদের তাদের অর্ডার বাতিল করার অনুরোধ জানান। কারণ তিনি চাহিদার তুলনায় অনেক বেশি অর্ডার পেয়েছিলেন।তবুও, অনেক ভক্তই তাকে সরাসরি দেখার জন্য উদগ্রীব।কেউ কেউ অনেক দূর পথ পাড়ি দিয়ে এসে দেখেন দোকান বন্ধ, অথবা দিনের নির্ধারিত ক্রেতা সংখ্যা পূর্ণ হয়ে যাওয়ায় তাদের কাছে আর বিক্রি করা সম্ভব নয়।কিন্তু বিষয়টি কেবল স্কার্ফের মধ্যেই সীমাবদ্ধ নয়। আন হিয়ো-সুন অনলাইনে ‘স্কার্ফ ম্যান’-এর ভিডিও ক্লিপ বারবার দেখার পর, তাকে সরাসরি দেখার আশায় সিউলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে আসেন। কিন্তু সেখানে পৌঁছেও তার সঙ্গে দেখা করার সুযোগ পাননি।

তিনি বলেন, ‘আমি তার কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম, তাই ভেবেছিলাম তিনি নিশ্চয়ই এখানেই আছেন—খুবই উত্তেজিত হয়ে পড়েছিলাম।’এই বিক্রেতার রসবোধ মানুষের মনে আনন্দের সঞ্চার করে। তার মজাদার এবং মাঝে মাঝে কিছুটা কটুভাষী মন্তব্যগুলোকে অনেকে দাদা-দাদির কথার সঙ্গে তুলনা করেন।চো ইউন-সুক নামে আরেকজন জানান, তিনি সিউলের পশ্চিমে অবস্থিত ইনচিওন থেকে প্রায় দেড় ঘণ্টা ভ্রমণ করে এসেছিলেন ‘স্কার্ফ ম্যানকে’ এক নজর দেখার আশায়। এর আগেও একবার দেরি করে পৌঁছানোর কারণে তাকে ফিরে যেতে হয়েছিল।তিনি বলেন, ‘হয়তো আগামীকাল আবার আসব। এত দূর আসার সিদ্ধান্ত যখন নিয়েছিই, তখন অন্তত একবার তো তাকে দেখতেই হবে।’চো জানান, স্কার্ফের প্রতি তার বিশেষ কোনো আগ্রহ নেই। তার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কেবল এই ‘স্কার্ফ ম্যান’।তিনি বলেন, তার কথা বলার ধরনে এমন কিছু আছে যা মানুষকে মুগ্ধ করে।যে ‘স্কার্ফ ম্যান’ ঘিরে এত আলোচনা, তার সম্পর্কে অনেক কিছুই এখনো অজানা। যেমন- তার নাম। সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ স্ট্রিমে তিনি জানিয়েছিলেন, তিনি বিবাহিত এবং তার সন্তান রয়েছে। এছাড়া তিনি বহু বছর ধরে নামদাইমুন বাজারে বিভিন্ন পণ্য বিক্রি করছেন—এর বাইরে তার সম্পর্কে আর তেমন কিছু জানা যায়নি।

এমনকি তার দোকান কখন খোলা থাকবে, তা যেন এক ধাঁধায় পরিণত হয়েছে। সিএনএন এক সপ্তাহে টানা তিনদিন তার দোকানে যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত তৃতীয় দিনে, দোকান বন্ধ করার ঠিক আগ মুহূর্তে তাকে অল্প সময়ের জন্য দেখা যায়।তবে স্কার্ফ ম্যানকে দেখে মনে হয় না যে তিনি কোনো ইনফ্লুয়েন্সার হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি সিএনএনসহ অসংখ্য সংবাদমাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

সুত্র: সিএনএন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments