তিন বাংলাদেশিকে ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাপান সরকার। তারা হলেন—আবুল কালাম আজাদ, আব্দুল হক এবং এখলাছুর রহমান।বৃহস্পতিবার ঢাকার জাপান দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়কারী (এসডিজি) ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টারস’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেওয়া হচ্ছে।
জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সাবেক সভাপতি, হক’স বে অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেস উইথ রোজেট’ পুরস্কার পাচ্ছেন।
ইয়ামাগাটা-ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মো. এখলাছুর রহমান পাচ্ছেন ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেজ’।১৮৭৫ সালে জাপানের মেইজি সম্রাট অর্ডার অব দ্য রাইজিং সান পুরস্কার প্রবর্তন করেন। এটি জাপান সরকারের সর্বোচ্চ সম্মাননা।
