এস এম আলম, ২৩ মে : মাদক নিয়ন্ত্রন ও আইন-শৃংখলা রক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে আতাইকুলা থানার বামনডাঙ্গা জামিউল উলুম হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছে পাবনার পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান। মাদ্রাসার সভাপতি মাসুদ রানা খোকনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার, মাদ্রাসার সাধারন স¤পাদক রফিকুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। সভায় পুলিশ সুপার মাদক মুক্ত শিক্ষাঙ্গন এবং আইন শৃংখলা রক্ষায় গ্রামবাসীদের সহায়তা কামনা করেন। পরে স্থানীয়দের মধ্যে সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়। আজকের শিশু কিশোরেরা আগামী দিনের ভবিষ্যত, আসুন আমরা আমাদের সন্তানদের সামাজিকভাবে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলি। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ছাত্র ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর অপরাধ, কিশোর গ্যাং, স্মার্ট মোবাইল ফোনের অপব্যবহার রোধ, বাল্যবিবাহ নিরোধ, নারী নির্যাতন রোধকল্পে সকলের সহযোগিতা ও পারিবারিক এবং সামাজিক নৈতিক শিক্ষার মান উন্নয়নে নানা দিক নির্দেশন মূলক বক্তব্য দেন। অভিভাবকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুশাসন তথা নৈতিক শিক্ষার মাধ্যমে জীবন গঠনে বিশেষ খেয়াল রাখতে হবে । কিশোরেরা যেন বিপথগামী না হয়, অযথা বন্ধু বান্ধবের আড্ডায় পরে অপরাধে না জড়ায়, সমাজে অপসংস্কৃতি দূর করতে স্মার্ট ফোনের অপব্যবহার রোধকল্পে প্রথমে অভিভাবককে এগিয়ে আসতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে শিশু কিশোরকে সুরক্ষা দিতে সবাইকে সোচ্চার থাকার জন্য অনুরোধ করা হয়। ইভটিজিং, কিশোর গ্যাং এ না জড়ানোর জন্য উপস্থিত সকলকে সতর্ক করা হয়। বাল্যবিবাহ হলে দাম্পত্য জীবনে অশান্তি আসবে এটাই সঠিক, তাই বাল্য বিবাহ নিরোধে সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন আতাইকুলা থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, আতাইকুলা ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস, মাদ্রাসার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বনলতার ব্যাবস্থাপনা পরিচালক তামিমুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক পারভেজ হোসেন সহ এলাকার নেতৃবৃন্দ।



