Homeজাতীয়রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত

এস এম আলম, ১৭ নভেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান। পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়।মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জব্বার ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে।এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৮ থেকে ১০ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের, অর্থাৎ BAERA-এর অনুমোদন প্রয়োজন হবে।অনুমোদন পাওয়ার পর বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে। পরবর্তী কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে ৯ মাসের ট্রায়াল অপারেশন শেষে স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা হবে ২৪০০ মেগাওয়াট।সব মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক গ্রিড সংযোগ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন পরবর্তী কারিগরি পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের মধ্য দিয়ে বাণিজ্যিক উৎপাদনের পথে এগিয়ে যাওয়ার অপেক্ষা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments