Homeজাতীয়প্রধানমন্ত্রীকে সভাপতি করে জাতীয় কৃষি কাউন্সিল গঠন

প্রধানমন্ত্রীকে সভাপতি করে জাতীয় কৃষি কাউন্সিল গঠন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে জাতীয় কৃষি কাউন্সিল গঠন করা হয়েছে। সম্প্রতি এ কাউন্সিল গঠন করে কৃষি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।৫৮ সদস্যের এ কাউন্সিলে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। এছাড়া এ কাউন্সিলে আরও ২১ জন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা রয়েছেন।

জাতীয় কৃষি কাউন্সিল দেশের কৃষি খাত সম্পর্কে সার্বিক দিক নির্দেশনা দেবে। এছাড়া জাতীয় কৃষি নীতিসহ এ সংশ্লিষ্ট সব নীতি/পরিকল্পনার আলোকে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠানের কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে।

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠানের কৃষি কার্যক্রম ও অন্যান্য কর্মসূচির মধ্যে সমন্বয়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠানের কৃষি কার্যক্রমের অগ্রগতি, ফলাফল পর্যালোচনা ও মূল্যায়ন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে জাতীয় কাউন্সিল।

জাতীয় কৃষি কাউন্সিল প্রতি বছর কমপক্ষে একবার সভায় মিলিত হবে এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি নির্ধারণ করবেন। সভাপতি প্রয়োজনবোধে যেকোন সময় জাতীয় কৃষি কাউন্সিলের বিশেষ সভা আহ্বান করতে পারবেন। ন্যূনতম এক তৃতীয়াংশ সদস্য সমন্বয়ে জাতীয় কৃষি কাউন্সিলের সভার কোরাম পূর্ণ হবে। সভাপতি জাতীয় কৃষি কাউন্সিলের সব সভায় সভাপতিত্ব করবেন এবং তার অনুমতিতে সহ-সভাপতিও সভাপতিত্ব করতে পারবেন।এছাড়া কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৪৮ সদস্যের জাতীয় কৃষি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় কৃষি কাউন্সিলের সিদ্ধান্তগুলো সুষ্ঠু বাস্তবায়নের জন্য যথাযথ কৌশল নির্ধারণ, কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে পরামর্শ দেবে নির্বাহী কমিটি। একই সঙ্গে কৃষি বিষয়ক নীতি/পরিকল্পনা প্রণয়নে নির্দেশনা, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থার কৃষি কার্যক্রম বাস্তবায়নের সহায়তা এবং কৃষি নীতি ওয়ার্কিং কমিটি ও কারিগরি কমিটিগুলোর কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা দেবে এ কমিটি।

একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে গঠন করা হয়েছে জাতীয় কৃষি নীতি ওয়ার্কিং কমিটি। এই কমিটির সদস্য সংখ্যা ৩৮ জন।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে জাতীয় কৃষি কাউন্সিলের কারিগরি কমিটি-১ (কৃষি গবেষণা), সার ব্যবস্থাপনা ও উপকরণ অনুবিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে কারিগরি কমিটি-২ (সার ব্যবস্থাপনা ও উপকরণ), সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে সম্প্রসারণ কারিগরি কমিটি-৩ (কৃষি সম্প্রসারণ) এবং নীতি পরিবীক্ষণ এবং সমন্বয় (পিপিসি) অনুবিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে কাউন্সিলের কারিগরি কমিটি-৪ (কৃষি বিপণন) গঠন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments