সেপ ব্ল্যাটার আর মিশেল প্লাতিনি দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়ার পর ফিফা এবং উয়েফার সর্বোচ্চ পদ দুটি খালি হয়ে যায়। শেষ পর্যন্ত একসময় উয়েফার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা জিয়ান্নি ইনফ্যান্তিনোই নির্বাচিত হলেন ফিফা সভাপতি হিসেবে।
ফিফা সভাপতি হিসেবে ইনফ্যান্তিনোর চার বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর মার্চেই। নিয়ম অনুযায়ী আবারও নির্বাচন হবে এবং নির্বাচিত হবেন নতুন সভাপতি। ২০২৩ সালের ১৬ মার্চ আফ্রিকান দেশ রুয়ান্ডার কিগ্যালিতে অনুষ্ঠিত হবে ফিফার কংগ্রেস। সেখানেই পরবর্তী চার বছরের জন্য পূণরায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন ইনফ্যান্তিনো।
কাতার বিশ্বকাপ শুরুর আর মাত্র একদিন বাকি। তার আগ মুহূর্তে ফিফা থেকে জানিয়ে দেয়া হয়েছে, পরবর্তী চার বছরের জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে ইনফ্যান্তিনো ছাড়া আর কোনো প্রার্থী নেই। এই সুইস-ইতালিয়ান আইনজীবিই প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী। এর ফলেই নিশ্চিত হয়ে যাচ্ছে, আরও চার বছর ফিফার প্রেসিডেন্ট হচ্ছেন তিনি।
২০১৬ সালে ৫জনকে পেছনে ফেলে প্রথম ফিফার সভাপতি নির্বাচিত হন ইনফ্যান্তিনো। ২০১৯ সালে আবারও নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি সেখানে পূনরায় নির্বাচিত হন। এবার আবারও তিনি সভাপতি নির্বাচিত হবেন এবং ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপ পরিচালনা করবেন।বিশেষজ্ঞরা মনে করছেন, শুধুমাত্র পরবর্তী টার্ম নয়, ২০৩১ সাল পর্যন্ত ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সম্ভাবনা রয়েছে বর্তমানে ৫২ বছর বয়সী জিয়ান্নি ইনফ্যান্তিনোর।
