চ্যাম্পিয়ন হবে না- এটা জানে ম্যানইউ কোচ এরিক টেন হাগ। তবে তার সর্বোচ্চ চেষ্টা, পয়েন্ট তালিকার উপরের দিকে থাকা। চারের মধ্যে থাকতে পারলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চার নম্বরে। তিন নম্বরে থাকা নিউক্যাসলের সঙ্গেই যত লড়াই ম্যানইউর। কে তিনে আর কে চারে থাকবে- তা নিয়ে।৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে ছিলো নিউক্যাসল ইউনাইটেড। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে ছিল ম্যানইউ। রোববার রাতে আর্সেনালের কাছে ২-০ গোলে নিউক্যাসলের হেরে যাওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে দারুণ সুযোগ তৈরি হয় তিন নম্বরে উঠে আসার।
কিন্তু এই সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারেনি ম্যানইউ। বরং, ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে আসতে হয়েছে রেড ডেভিলদের। গোলররক্ষক ডেভিড ডি গিয়ার মারাত্মক এক ভুলেই হারতে হলো ম্যানইউকে।বলা যায়, ম্যানইউ গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট উপহার দিয়ে এলো ওয়েস্টহ্যামকে। এই জয়ের ফলে রেলিগেশনের খাঁড়ামুক্ত হওয়ার একটা রাস্তা পেয়ে গেলো বলা যায় ওয়েস্টহ্যাম। ৩৭ পয়েন্ট নিয়ে তারা এখন রয়েছে ১৫তম স্থানে। ম্যানইউ এবং নিউক্যাসল ইউনাইটেড আগের অবস্থানেই রয়েছে। শুধু ম্যাচ একটি করে বেড়েছে তাদের।
ম্যানইউর দুর্ভাগ্য, প্রথমার্ধে মার্কাস রাশফোর্ড এবং অ্যান্টোনির দুটি শর্ট পোস্টে লেগে ফিরে আসে। তবে, ডি গিয়ার মারাত্মক ভুলটিই শেষ পর্যন্ত শিরোনাম হলো।ম্যাচের ২৭তম মিনিটে ওয়েস্টহ্যামের সাইদ বেনরহমানের দুর থেকে নেয়া বাউন্সিং শটটি খুব বেশি ভয়ঙ্কর ছিল না যে তাকে প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়বে। কিন্তু ঝাঁপিয়ে পড়ে একটি হাত লাগিয়েও ডি বলটিকে ঠেকাতে পারেননি। অর্থ্যাৎ, তার প্রচেষ্টাটা ছিল পুরোপুরি ভুলেভরা। যার ফলে লিড নিয়ে নেয় ওয়েস্টহ্যাম ইউনাইটেড।
এই গোলেই হেরে যায় ম্যানইউ। তবে, তাদের ভাগ্য ভালো যে আরও একটি গোল হওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছিলো। কিন্তু ভিএআরের কারণে বেঁচে যায়। বেনরহমানের একটি চেষ্টাকে বক্সের মধ্যে প্রতিহত করতে গিয়ে ফাউল করে এসন ভিক্টর লিয়েন্ডেলফ। পরে ভিএআর দেখে রেফারি সেটার জন্য আর পেনাল্টির বাঁশি বাজাননি।
