এস এম আলম, ১৭ মে: মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বলেছেন, অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। মহামান্য রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবানও জানান তিনি। পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে এসভায় আরো বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, পাবনার নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, ডা. মনোয়ারুল আজিজ। বক্তারা মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তার অতীত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

