কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩-এর জন্য নির্বাচিতদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন আহমেদ ইমতিয়াজ জামি এবং আফরুজা তানজি। এ বছর সম্মানজনক এ পুরস্কারের জন্য সম্ভাব্য বিজয়ী হিসেবে বিশ্বজুড়ে তরুণ সামাজিক উদ্যোক্তা, পরিবেশবাদী, উদ্ভাবক ও মানবাধিকার কর্মীদের মধ্য থেকে ৫০ জনকে নির্বাচিত করেছে কর্তৃপক্ষ। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই তরুণ-তরুণী।১৫ থেকে ২৯ বছর বয়সী এই তরুণদের প্রত্যেকেই এমন কোনো কাজে জড়িত, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাস্তব অবদান রাখছে।বাংলাদেশ থেকে নির্বাচিতদের মধ্যে একজন আহমেদ ইমতিয়াজ জামি। তিনি নির্বাচিত হয়েছেন দারিদ্র্য নির্মূলে অবদান রাখার জন্য। জামি অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই করে নেওয়া দ্বিতীয় বাংলাদেশি হলেন আফরুজা তানজি। লিঙ্গসমতা প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছেন তিনি। আফরুজা প্রতিভা নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা। এটি প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ নারীদের জন্য টেকসই রোজগারের সুযোগ তৈরিতে কাজ করে থাকে।এই তরুণী উদ্যোক্তা সম্পর্কে বলা হয়েছে, আফরুজা অর্থনৈতিক সুযোগ সম্পর্কে লিঙ্গ নিরপেক্ষ ধারণা গঠনের মাধ্যমে নারীদের আর্থিকভাবে সক্ষম করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও তিনি সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালার মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ প্রদান করে এসডিজি অর্জনে ভূমিকা রাখছেন।এ বছর কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য ৫০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ফাইনালিস্ট হিসেবে মনোনীত হবেন ২০ জন। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পাবেন নির্বাচিত সবাই। আগামী ১৪ সেপ্টেম্বর লন্ডনে আয়োজন করা হবে এই অনুষ্ঠানের।নির্বাচিত তরুণদের বিষয়ে কমনওয়েলথের সেক্রেটারি-জেনারেল ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেছেন, এই তরুণরা আমাদের সবার জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করতে যে উদ্ভাবনী ও রূপান্তরমূলক কাজ করছেন, তাতে আমি বিস্মিত। বিশেষ করে এ বছর ৫০ জন তরুণ নেতাকে সম্মানিত করায় আমি গর্বিত। আমি সবসময়ই মনে করি, উন্নয়ন তরুণদের নেতৃত্বে হওয়া উচিত। যাদের বাছাই করা হয়েছে তারা প্রমাণ করেছেন যে, তরুণরা কেবল নিষ্ক্রিয় পথিক নন, যারা ভবিষ্যতে কী হবে তা দেখার জন্য অপেক্ষা করছেন। বরং তারা সক্রিয়ভাবে এটিকে রূপ দিচ্ছেন।
