এস এম আলম, ২৩ সেপ্টেম্বর: পাবনার স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। গতকাল সকালে স্কুল ক্যাম্পাসে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর উপস্থিতিতে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। পরে তাদের সাথে মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নী, পিবিআই পুলিশ সুপার ফজলে এলাহী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইডসের পাবনা জেলা কমিশনার আদুবালা শীল, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মহাব্যবস্থাপক মো: মিজানুর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সহকারী মহা ব্যবস্থাপক মো: আব্দুল হান্নান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক তানজিরুল ইসলাম। আগত অতিথিদের স্বাগত জানান স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খতিব শাহানাজ সুলতানা। মেলায় ৪১টি স্টলে নানা দেশীয় প্রযুক্তিতে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা আবিস্কার করেছে টাইটান প্রো সাবমেরিন, থ্রিডি প্লাস্টিক রিসাইকেল প্রিন্টার, রোবটিক ফায়ার ফাইটিং সিস্টেম, স্মার্ট লাইব্রেরি সিষ্টেম, পরিবেশ বান্ধব শহর সহ নানা বৈজ্ঞানিক প্রকল্প আর প্রযুক্তি। ছিল হলোগ্রাম হাউজ, বন্যা মোকাবেলায় স্মার্ট ব্রিজ, প্রকৃতিক বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি এবং তাদের উদ্ভাবিত বিভিন্ন সফট ওয়ার ও গেমসসহ অবাক করার মত অনেক অবিস্কার।মেলায় আগত অতিথিরা ক্ষুদে শিক্ষার্থীদের নানা প্রযুক্তিগত উদ্ভাবনের ভুয়সী প্রশংসা করেন।




