সারাদেশের আবহাওয়া শুষ্ক রয়েছে, কোথাও বৃষ্টি নেই। আগামী দিনগুলোতেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। রাতের তাপমাত্রা কিছুটা কমে আবার কিছুটা বেড়েছে।তবে আগামী তিন দিন পর রাতের তাপমাত্রা ফের কমার ধারায় ফিরতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।সোমবার (৩০ অক্টোবর) হেমন্তের প্রথম মাস কার্তিকের ১৪ তারিখ। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।সোমবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দেশের কোথাও বৃষ্টি হয়নি।
সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।তিনি আরও জানান, আগামী দু’দিনও (মঙ্গল ও বুধবার) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।তবে পরবর্তী পাঁচদিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।
