বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে ঢিলেঢালা ভাব থাকলেও সড়কে যানবাহন কম।পাশাপাশি সারাদেশে বিএনপি-জামায়াতের কেন্দ্রীয়ভাবে ডাকা ৪৮ ঘণ্টার অবরোধও শুরু হয়েছে।রোববার সকাল ৬টা থেকে হরতাল ও অবরোধ কর্মসূচি শুরু হলেও বেলা ১১টা পর্যন্ত নগরীর কোথাও বিএনপি নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়নি।এর আগে হরতালের সমর্থনে শনিবার নগরী ও নগরীর বাইরে বিক্ষিপ্তভাবে ঝটিকা মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
হরতাল-অবরোধে রোববার সকাল থেকে সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করলেও অন্য সময়ের চেয়ে পরিবহনের সংখ্যা কম।চালক-হেলপাররা বলছেন, রাস্তায় যাত্রীর সংখ্যা কম থাকাতে ইচ্ছে থাকলেও অনেকে গাড়ি বের করেননি। তবে হরতালের কারণে নগরীর বেশ কয়েকটি স্কুলে শুরু হওয়া বার্ষিক পরীক্ষার নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে প্রতিষ্ঠানগুলো। মূলত শিক্ষার্থীদের ঝুঁকি বিবেচনায় পরীক্ষা পেছানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধানরা।নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, লালখান বাজার, কাজীর দেউড়ি, চকবাজার, আন্দরকিল্লা, নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় যানবাহনের সংখ্যা কম। তবে কোথাও কোনো প্রতিবন্ধকতা দেখা যায়নি। মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান চোখে পড়েছে।এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জাগো নিউজকে বলেন, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন আছে। সতর্ক অবস্থায় রয়েছে। সকাল থেকে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
